রাজধানীর মিরপুরের যানযট নিরসন,জনদূর্ভোগ নিরসন,ফুটপাত দখল মুক্তকরন ও চাঁদাবাজি রুখতে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করতে গত কয়েকদিন যাবৎ নিয়ম করে চলছে উচ্ছেদ অভিযান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকঢোল পিটিয়ে বিশাল বাহিনী নিয়ে লোকদেখানো উচ্ছেদের কয়েক ঘন্টা পরই ফের সেগুলো বেদখল হয়ে 'যে লাউ সেই কদু' অবস্থায় ফিরে যাচ্ছে!
মহানগরবাসীর করের টাকায় ফুটপাতের জন্ম ঘটলেও এর মালিকানা কাগজে কলমে দুই সিটি কর্পোরেশনের। কিন্ত বাস্তবের চিত্রটি ভিন্ন। ফুটপাতের মালিক ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা।
ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রদ্বয় রাজধানীর সৌন্দর্য রক্ষা ও জনদুর্ভোগ নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ ও অক্লান্ত পরিশ্রম করলেও মিরপুুরের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ও চাঁদাবাজ চক্র তার কোন তোয়াক্কাই করছেন না।
মিরপুর-১,২,১০ নম্বর এলাকার ফুটপাতগুলো দখল করে বানিজ্য, নৈরাজ্য, রাজনীতি বা হানাহানি নতুন ব্যাপার নয়। রাজপথ থেকে গলিপথ ঘেঁষে ফুটপাতের জন্ম হলেও বেদখল কাণ্ডে জনগণের চলাচলের সুবিধা শিকেয় উঠেছে।
পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী জানান, মার্কেট পরিচালনায় কোনো নিয়মনীতিরই তোয়াক্কা না করে মিরপুর এক নম্বরের সিটি করপোরেশন মার্কেটের চারপাশ ও মুক্তিযোদ্ধা মার্কেটের আশপাশের ফুটপাত দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে খোদ মার্কেট পরিচালনা কমিটির সভাপতি কাজী তপন ও সেক্রেটারি খসরুর বিরুদ্ধে। নিয়মবহির্ভূতভাবে তারা বরাদ্দ প্রাপ্তদেরকে প্রাপ্য দোকানপাট বুঝিয়ে না দিয়ে বরং মার্কেট পরিচালনায় নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে অবৈধভাবে মার্কেটের দোতলা ও তৃতীয় তলার দোকানগুলো ফুটপাত ব্যবসায়ীদের নিকট গোডাউন হিসেবে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থও । এবিষয়ে হযরত শাহ আলী সিটি করপোরেশন মার্কেটের সভাপতি কাজী তপনের মুঠোফোনে ফোন করে জানতে চাইলে তিনি প্রথমে চাঁদাবাজি সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। পরে মুঠোফোনে তিনি মুঠোফোনে করে কথা না বলে তার অফিসে গিয়ে কথার আহ্বান জানান। এবিষয়ে অনুসন্ধান চলছে। খুব শিঘ্রই তাদের অনিয়ম,দূর্নীতি ও চাঁদাবাজির বিষয় তুলে ধরে বিস্তারিত প্রকাশ করা হবে বিভিন্ন গণমাধ্যমে।
এখানকার আরো এক ফুটপাত ব্যবসায়ী জানান,মিরপুর এক নম্বরজুড়ে পুরো এই বিশালাকার ফুটপাতে প্রতিজন ফুটপাত ব্যবসায়ী এমনকি হকারদের নিকট থেকে চাঁদাবাজ কবির,ওরফে ফুট কবির ওরফে বরিশাইল্লা কবির ওরফে গায়েব শাহ কবির ওরফে পান কবির ও তার সহযোগীরা মার্কেট পরিচালনা কমিটি, পুলিশ ও স্থানীয় নেতাদের দেওয়ার কথা বলে দোকান প্রতি ২০,০০০/- টাকা থেকে ৪,০০,০০০/- টাকা পর্যন্ত জামানত বা এ্যাডভান্স নিয়েই বাজার বসিয়েছে। এছাড়াও প্রতিদিন ২০০/- থেকে ৫০০/- টাকা নিয়মিত চাঁদা দিতে হয় কবিরের লোকজনকে। সনি সিনেমা হল থেকে মিরপুর মাজার শরীফ ও আশপাশের ফুটপাত ও মূল সড়ক দখল করে কয়েক সহস্রাধিক ব্যবসায়ীদের নিকট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে কবির ও তার সহযোগীরা। প্রতিমাসে যে চাঁদা পরিমান দাড়ায় ত্রিশ লক্ষাধিক টাকায়। অর্থাৎ প্রতিবছর শুধু এই এলাকার ফুটপাত থেকেই আদায়কৃত চাঁদার পরিমান গিয়ে দাড়ায় কোটি টাকায়!
এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত কবির কোন স্বদুত্তর না দিয়ে আচমকা ক্ষিপ্ত হয়ে বলেন, এলাকার রাজনৈতিক নেতাকর্মী,মার্কেট পরিচালনা কমিটি, প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করে যদি আমি ফুটপাত চালাতে পারি; এতে সাংবাদিকদের সমস্যা কোথায়? আমি একা এই টাকা খাইনা। স্থানীয় ট্রাফিক পুলিশের কয়েকজন ইন্সপেক্টর (টিআই),পেট্রোল ইন্সপেক্টর (পিআই) ও উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা,রাজনৈতিক নেতাসহ অনেক দপ্তরেই আমি এই টাকা পৌছে দেই। আমি এতটুকু সুবিধাতো নিতেই পারি। যান কার কাছে বিচার দিবেন-দেন। সাংবাদিকের কাজ লেখালেখি করা, আপনারা লেখেন। যা ইচ্ছা তাই করেন।
অপরদিকে কার্যকর আইন ও উচ্চ আদালতের আদেশ থাকা সত্ত্বেও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতির কারণে মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সমস্যাটি জিইয়ে রাখার জন্য পুলিশের গাফিলতিকে দুষছেন কিছু সুবিধাভোগী প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক নেতারাও। পক্ষান্তরে এই দায় নিতে নারাজ পুলিশ। তাদের মতে সমস্যাটি রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে।
রাজধানীর সৌন্দর্য রক্ষা, সাধারণ জনগণের দূর্ভোগ নিরসনে ফুটপাত দখলমুক্ত করনে কি করণীয়-এমন প্রশ্নের উত্তরে ডিএনসিসির স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম মোল্লা বলেন, আমি নিজে একাধিকবার ফুটপাত পরিস্কার করতে উদ্যোগ নিয়েছি। কিন্ত কবির নামে এক চাঁদাবাজের সংঘবদ্ধ তৎপরতায় ফের দখল হয়ে যায় ফুটপাতগুলো। সে সিটি করপোরেশনের নাম ভাঙিয়ে অবৈধভাবে ডেসকোর সংযোগ নিয়ে সন্ধ্যার পর হাজার হাজার বাতি জ্বালিয়ে বাতিপ্রতি নির্দিষ্ট হারে বিলের নামে বেপরোয়া চাঁদাবাজি করছে। সে অনেক প্রভাবশালী; ক্ষমতা তার অনেক।
কে এই কবির? কি তার পরিচয়? তার ক্ষমতার উৎস কি? কে বা কারাই তাকে শেল্টার দিচ্ছেন?
এ-ই প্রশ্নের জবাবে কাউন্সিলর আরো বলেন, আপনারা কবিরকে খুঁজে নেন। সে যাকে যখন ইচ্ছা ফুটপাতে বসায় আবার যাকে ইচ্ছা তুলে দেয়। কবিরকে পেলেই আপনারা ফুটপাতে চাঁদাবাজিতে জড়িতদের চিহ্নিত করতে পারবেন। আমার পক্ষ থেকে যতুটুকু সম্ভব আমি চেষ্টা করবো। যাতে আমার ওয়ার্ডের আওতাধীন ফুটপাতগুলো দখল মুক্ত থাকে।